কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।
জানা গেছে, রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র বিচে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। সেখানে ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত তালসারি সমুদ্র সৈকতে নামেন তিনি। এরপর তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। দিঘা হাসপাতালে অভিনেতাকে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল বলেন, এখানে গতকালও শুটিং করেছি আমরা। আজ একটা শট ছিল তালসারিতে। গোড়ালি ডুবে যাওয়া পরিমাণ পানিতে দাঁড়িয়েছিল শ্বেতা ও রাহুল। তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিল, লুকোচুরি খেলছিল। আর আমরা পেছন দিক থেকে ক্যামেরা করছিলাম। সেটি করতে করতে রাহুল শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে।
শুভাশিস বলেন, প্রায় হাঁটু পর্যন্ত পানিতে যাওয়ার পর কিছুটা সমতা হারিয়ে ফেলে। আমরা চিৎকার করে দূরে যেতে নিষেধ করি। ততক্ষণে রাহুলের গলা পর্যন্ত পানি, হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সবকিছু ফেলে ইউনিটের ১০-১২ জন তার দিকে এগিয়ে যাই। কিন্তু মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে সে। সম্ভবত অনেক পানিও খেয়ে ফেলেছিল।
এ নির্মাতা আরও বলেন, আশপাশে থাকা নৌকাগুলো থেকে দড়ি ফেলে, ইউনিটের সবাই তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে আনেন রাহুলকে। কিন্তু ওই সময়ও জ্ঞান ছিল রাহুলের। এরপর গাড়িতে করে দ্রুত দিঘা মহকুমা হসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা মৃত ঘাষণা করেন টালি নায়ককে।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রাহুল ব্যানার্জী নামে অধিক পরিচিত ছিলেন। তিনি তিন বছর বয়সে তার বাবার (বিশ্বনাথ ব্যানার্জী) নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের রাজ দর্শন নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেন। তারপর থেকে, তিনি তার বাবার নাট্যদল এবং থিয়েট্রনের সাথে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তিনি সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমাতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন।
দুই দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন রাহুল। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত। বর্তমানে তাকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে দেখা গেছে। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
রাহুলের সঙ্গে ধারাবাহিকে রয়েছে সোমাশ্রী চাকি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। জানান, আজই ঘটনার মাত্র ২ ঘণ্টা আগে একসঙ্গে শুটিং করেছেন।
সোমাশ্রী বলেন, ‘আজ আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শ্যুটিং সেরে চলে এসেছিলাম। জলের মধ্যেই কিছু হয়েছে। ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।’ তাঁকে ফেরার সময় রাহুল বলেছিল ‘আর দেখা হবে না আমাদের।’
ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।
ভাস্করের ভাষ্য, জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন-এটা মেনে নেওয়া কঠিন।
এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা বিনোদন অঙ্গনে তার এই অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।