সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
বিনোদন

১০ বছরের পথচলার শেষ

বিচ্ছেদের ঘোষণা দিলেন প্রীতম ও শেহতাজ

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক এবং দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তারা তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানছেন।

রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ দম্পতি।

প্রীতম হাসান ফেসবুক পোস্টে লেখেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।

এই অভিনেতা আরও বলেন, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।

প্রীতম হাসান বলেন, এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

এদিকে রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন শেহতাজ। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা থাকবে বলেও লিখেছেন।

শেহতাজ জানিয়েছেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ