স্বাভাবিক করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের তারিখ আরও এক মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৫ মে পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারবে।
সোমবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪–এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এই সময় বৃদ্ধি করেছে। এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে, তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ তারিখ ফের এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হলো।
একাধিকবার সময় বাড়ানোর পর কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের আগের সময়সীমা ছিল ১৫ এপ্রিল।