কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
দেশের ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে। কাজ শুরু করি তারপর কথা বলা যাবে। আগে কাজ, পরে কথা হবে।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি মতিঝিলে অবস্থিত ব্যাংক পাড়ায় আসেন।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর 10(5) অনুযায়ী জনাব মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, জনাব মো. মোস্তাকুর রহমান এফসিএমএ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে খুলনার দিঘলি উপজেলার দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে ফেলো সদস্য হন। তিন দশকেরও বেশি সময় ধরে এ সেক্টরে কাজ করছেন তিনি।
মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডসহ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি।