আসন্ন পবিত্র রমজানে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। রমজানে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং শেষ হবে বেলা ২টা ৩০ মিনিটে। অফিস শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারে এ সময়সূচি ঘোষণা করেছে।
সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।
সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় সন্ধ্যা ৬টায়। প্রতি বছর রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।