ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই দুই দিন সারা দেশে সব ধরনের দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্পকারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিনের ছুটি পাচ্ছেন।
এর আগে সরকার নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। পাশাপাশি ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচনকে ঘিরে টানা কয়েক দিনের ছুটি কার্যকর হচ্ছে।