রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ৪ ব্র্যান্ডেও মিলল ক্ষতিকর কণা ট্রাকচালক হোসেন হত্যা - শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট এক হাজার টাকার জন্য তাঁত শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী ই-রিটার্ন সেবা চালু - জুলাই থেকে সেপ্টেম্বরে জমা দিলে মিলবে ৫ শতাংশ প্রণোদনা ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
advertisement
অর্থ-বাণিজ্য

কর ফাইল অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা প্রতারক চক্রের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র করদাতাদের ফাইল অডিটে পড়েছে বলে দাবি করে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। চক্রটি অডিট থেকে রেহাই পাইয়ে দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কারণ কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে তা জানানো হয়।

এছাড়া, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

এছাড়াও কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে। 

করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানেই তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ