সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর তীর থেকে জাহের আলী আকন্দ (৬০) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জাহের আলী আকন্দ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর তীরবর্তী এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি সলঙ্গা থানায় জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে বাবু জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তিনি আর বাড়ি ফেরেননি। সকালে খবর পেয়ে তারা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে রায়গঞ্জ উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।