ময়মনসিংহের নবনির্বাচিত ১১ জন সংসদ সদস্যের হাতে নির্বাচনের আনুষ্ঠানিক সরকারি ফলাফল তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।
সরকারি ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জাকির হোসেন বাবলু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জেলার অন্যান্য আসনের মধ্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামীর কামরুল হাসান এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ডা. মাহাবুবুর রহমান লিটন বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ। এ ছাড়া ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারি ফলাফল গ্রহণ করেছেন।
ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।