বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ব প্রকাশের পর আজ দেখছেন; দ্বিতীয় পর্ব - নতুন আইনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক হওয়া প্রয়োজন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধ ভিত্তিক ব্যাংক গুলোর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশম সাফ শিরোপা ভারতের নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘরে বস্তাবন্দি মরদেহ ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
advertisement
সারাদেশ

ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা

যশোরের ঝিকরগাছার গদখালীতে শীত মৌসুম ও পর্যটক বরণকে সামনে রেখে ফুলের ক্ষেত পরিচর্যা ও চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন ফুলচাষিরা।

দেরিতে হলেও প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। আসন্ন শীতের শুষ্ক মৌসুমকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও লাখো ফুলপ্রেমী পর্যটককে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী। 

দেশি-বিদেশি নানা জাতের ফুলের বীজতলা তৈরি, চারারোপণ এবং নিরলস ক্ষেত পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ফুলচাষিরা।

পানিসারা, নীলকণ্ঠনগর, হাড়িয়া, বর্ণী, চাপাতলা, নারাঙ্গালী, টাউরা, নির্বাসখোলা, শিওরদাহ, বাউসা, গদখালী ও নাভারন এলাকা ঘুরে দেখা গেছে ফুলচাষিদের ব্যাপক কর্মযজ্ঞ। রজনীগন্ধা, গ্লাডিওলাস, গোলাপ, গাঁদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, জারবেরা, টিউলিপ ও হাসনাহেনাসহ শত শত জাতের ফুলে ভরে উঠছে বিস্তীর্ণ মাঠ। চাষি ও ব্যবসায়ীদের আশা, এ বছর গদখালী থেকে প্রায় ৫০০ কোটি টাকার ফুল উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব হয়।

এবারের মৌসুমে সবচেয়ে আশার খবর হলো, প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ২৫ হাজার পিস রজনীগন্ধা ও জারবেরা ফুল রপ্তানি করা হয়েছে। ইউরোপের বাজারেও বাংলাদেশের ফুলের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে নীতিমালা ও অবকাঠামোগত জটিলতায় সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও ফুলচাষী-ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম। তিনি জানান, নেদারল্যান্ডসে গ্লাডিওলাস ও জারবেরা এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সব ধরনের মানসম্মত ফুলের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু সুস্পষ্ট আমদানি-রপ্তানি নীতিমালার অভাবে এই বাজার ধরা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “গত বছর বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বসন্ত বরণ, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ মিলিয়ে আমাদের ৬০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে প্লাস্টিকের কৃত্রিম ফুল আমদানির কারণে সেই লক্ষ্য পূরণ হয়নি।” এই খাতকে বাঁচাতে অবিলম্বে প্লাস্টিক ফুল আমদানি বন্ধ, রপ্তানিতে প্রণোদনা ও ভ্যাট সুবিধা প্রদান, হিমায়িত পরিবহন ও আধুনিক প্যাকেজিং ব্যবস্থা নিশ্চিত করা এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার দাবি জানান এই কৃষক নেতা।

গদখালী কেবল পর্যটনকেন্দ্র নয়, বরং জাতীয় অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ খাত। এ অঞ্চলের প্রায় সাড়ে ৫ হাজার কৃষিজীবী পরিবার প্রত্যক্ষভাবে বাণিজ্যিক ফুল চাষের সঙ্গে যুক্ত। এ ছাড়া ক্ষেতমজুর, প্যাকেজিং, পরিবহন ও ব্যবসার মাধ্যমে পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন আরও কয়েকশ পরিবার। ফুল চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন বহু মানুষ, যাদের একসময় ‘নুন আনতে পান্তা ফুরাতো’।

এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছেন স্থানীয় নারী উদ্যোক্তারাও। ফুল চাষ করে কোটিপতি বনে যাওয়া আনোয়ারা বেগম এখানকার নারী উদ্যোক্তাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ঝিকরগাছা উপজেলা সদর থেকে বেনাপোল-যশোর  মহাসড়ক ধরে মাত্র তিন কিলোমিটার এগোলেই গদখালী বাজার, যার প্রবেশমুখেই পর্যটকদের স্বাগত জানায় ‘ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম’ তোরণ। আর কয়েক দিন পরই দিগন্তজোড়া এই ফুলের রাজ্যে নামবে দেশি-বিদেশি পর্যটকদের ঢল।

পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ প্রশাসন এবং ফুলচাষী কল্যাণ সমিতি সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর সহায়তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।#

▐ সর্বশেষ পাওয়া সংবাদ