দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্যাংকের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান | তিনি সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অভিজ্ঞ ও নিবেদিত কর্মকর্তারাই ব্যাংকের মূল শক্তি| তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে ব্যাংক আজকের অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
তিনি আরও বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন, শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং পেশাদারিত্ব বজায় রেখে সকল কর্মকর্তাকে একযোগে কাজ করতে হবে, যাতে ব্যাংকের সুনাম ও আস্থা আরও সুদৃঢ় হয়।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, এস. এম. আবু জাফর ও ˆসয়দ আবুল হাশেমসহ বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তারা ব্যাংকের সাথে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও প্রেরণার পরিবেশ সৃষ্টি হয়।