স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই জল্পনা-কল্পনার অবসান হলো। রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না পাকিস্তান।
এক টুইট বার্তায় পাকিস্তান সরকার লিখেছে, পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ভারত ম্যাচে পাকিস্তান খেলবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। টাইগারদের পরিবর্তে খেলতে ডাকা হয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশের সঙ্গে আইসিসির এই আচরণকে ‘দ্বিমুখী’ নীতি উল্লেখ করেন মহসিন নাকভি। বিশ্বকাপের এই সংকটময় পরিস্থিতিতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।
এর আগে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি বা কিট উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি শেষ মুহূর্তে বাতিল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় ক্রিকেট মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছিল, হয়ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে না।
প্রসঙ্গত, নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের ভেন্যু পরিবর্তন বা টাইগারদের গ্রুপ পরিবর্তনের আরজি জানিয়েছিল।
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দেয়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। পরে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসির বোর্ডসভায় ভোটাভুটিও হয়। সেখানে পাকিস্তান ছাড়া আর কোনো আইসিসি সদস্য বাংলাদেশকে সমর্থন দেয়নি।
এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি। পরে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা ভেবেছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা, বয়কট করবে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ।