সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ

গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দিনের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নূন্যতম মজুরি ৩২ থেকে ৩৭ হাজার টাকা দাবি করে প্রস্তাবনা দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। মালিকপক্ষ প্রস্তাবনার জন্য ৪ দিন সময় নিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর)  বেলা পৌনে ১২টায় নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ ৬ সদস্যের সভা শুরু হয়।

নূন্যতম মজুরি ৩২ হাজার প্রস্তাবনা শ্রমিকনেতাদের, সময় নিল মালিকপক্

মজুরী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দেয়ার জন্য নির্ধারিত ছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিয়েছে, আমরা সেটি গ্রহণ করেছি। তবে মালিকপক্ষ কিছু সমস্যার কথা উল্লেখ করে ৭ কার্যদিবসের সময় চেয়েছিল। পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেয়ার জন্য ৪ কার্যদিবস সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা লিখিত প্রস্তাব না দিলে বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবেন।

সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক এবং কারখানা পর্যায়ের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা, পারস্পারিক আস্থা ও দাবির প্রতি সম্মান জানিয়ে গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের জন্য আমরা নিম্নতম মজুরির দাবি বোর্ডের কাছে প্রস্তাব করেছি। সেই প্রস্তাবে আজ শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। তবে এর যৌক্তিকতা, পদ, গ্রেড ইত্যাদি বিষয়ে আগামী সপ্তাহে প্রস্তাব ও আলোচনা হবে।

তিনি জানান, প্রস্তাবে শ্রমিকদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডের জন্য মজুরি ৪৮ হাজার টাকা ও ২ নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার টাকা, ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।

বাবুল আখতার আরও জানান, কর্মচারীদের জন্য ১ নম্বর গ্রেডে মজুরি ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ২ নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং ৪ নম্বর বা অফিস স্টাফদের বেতন ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

পরবর্তী সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন ক্যাটাগরির কারখানা পরিদর্শন করবে নিম্নতম মজুরী বোর্ড। 

শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত রয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। বিপুলসংখ্যক এই শ্রমিকের জীবনমান, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের বাকি সদস্যরা হলেন-মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ