মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
খেলাধূলা

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির

ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ওয়ানডে সিরিজে হারিয়ে আন্তর্জাতিক মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার তাদের পরবর্তী লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 
 
এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। 
 
চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডের ভেন্যুতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল খেলবে তারা। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 
 
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে নিউজিল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। 
 
এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ১১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯টি সিরিজ, বাংলাদেশ ২টি। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে কিউইরা।
 
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে শীর্ষ নয়ে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ নবম স্থানেই আছে। নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে সেটি আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। 
 

এই সম্পর্কিত আরো