পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সাথে নতুন ভূমিকার যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুলকে নিয়োগ দিয়েছে।
উপদেষ্টা হিসেবে আমিনুল কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়নে দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে খেলোয়াড়দের বিকাশ, কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির বিষয়ে কাজ করবেন তিনি।
এই নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে, বিশেষ করে এশিয়াজুড়ে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তৈরি এবং খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন আমিনুল। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দেন সাবেক এই ক্রিকেটার।
পিএসএলে লাহোর কালান্দার্সের পথচলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তনের গল্প হিসেবে বিবেচিত হয়।
পিএসএলের মূল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির একটি লাহোরের ২০১৬ সালে টুর্নামেন্টে অভিষেক হয়। তবে শুরুটা ছিল কঠিন। প্রথম চার মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি দলটি। কয়েকবার পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করেছে।
২০২০ সালে অধিনায়ক সোহেল আখতারের নেতৃত্বে প্রথমবারের মতো পিএসএলের ফাইনালে উঠে ভাগ্য বদলের ইঙ্গিত দেয় লাহোর। যদিও শেষ পর্যন্ত করাচি কিংসের কাছে হেরে যায় তারা। ২০২১ সালে আরেকটি হতাশাজনক মৌসুমের পর ২০২২ আসরের আগে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত তাদের ভাগ্য বদলে দেয়।
শাহিনের নেতৃত্বে ২০২২ সালে প্রথমবারের মতো পিএসএল শিরোপা জেতে লাহোর। ফাইনালে মুলতান সুলতানসকে ৪২ রানে হারায় তারা। পরের বছর একই প্রতিপক্ষকে এক রানে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি। এর মধ্য দিয়ে পিএসএলের প্রথম দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে লাহোর।
তবে ২০২৪ সালে শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খায় তারা। পুরো আসরে মাত্র একটি জয় পায় দলটি।
২০২৫ সালে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাহোর। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএল শিরোপা জেতে তারা।
তবে ২০২৬ সালে আবারও ছন্দপতন ঘটে দলটির। বর্তমান চ্যাম্পিয়ন হয়েও পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় লাহোর কালান্দার্স।