দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে অসিদের বিপক্ষে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। ঐতিহাসিক এই জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে লিটনরা দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিওকলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ফেসবুক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান বাংলাদেশ দলকে বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।’
এই সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘হাসান প্রথম ইনিংসে পাঁচ উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছে।’
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’
এরপর তামিম ইকবাল তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আর আমাদের ইয়াংস্টার, বগুড়ার।’ কুশলাদি বিনিময় করেন তানজিদ তামিম। এরপর তামিম ইকবাল বলেন, ‘বগুড়ার ছেলে ভাইয়া, বগুড়ার ছেলে।’
জবাবে তারেক রহমান বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।’
এর আগে ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।