সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা শুরু রোনালদোর 'লাস্ট ড্যান্স' নাকি ইয়ামালের রাজত্ব? টেক্সাসে আজ ফুটবল বিশ্বের চোখ! পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
advertisement
খেলাধুলা

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোল এবং গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের অতিমানবীয় পারফরম্যান্সে ইতিহাস গড়ল নরওয়েজিয়ানরা। অন্যদিকে, এই পরাজয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিল সেলেসাওরা। একই সাথে টানা ছয় বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে নকআউট পর্বে হেরে বিদায়ের তেতো স্বাদ পেল তারা।

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ৩ মিনিটের মাথায় প্যাট্রিক বার্গের গোল অফসাইডের কারণে বাতিল হলে রক্ষা পায় ব্রাজিল। এরপর ১৪ মিনিটে বক্সের ভেতর ম্যাথিয়াস কুনহাকে ক্রিস্টোফার আয়ার ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড।

প্রথমার্ধেই লিড নেওয়ার আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। মার্টিনেলির পাস থেকে গুইমারেস এবং পরে ভিনিসিয়াস জুনিয়রের শট নসাৎ করে দেন নাইল্যান্ড। অন্যদিকে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একটি বিপজ্জনক শট কোনোমতে রক্ষা করেন ব্রাজিলিয়ান কিপার অ্যালিসন বেকার।

বিরতির পর দুই দলই কৌশলে পরিবর্তন আনে। নরওয়ে কোচ স্টেল সোলবাকেন মাঠে নামান ওসকার বব ও আন্দ্রেস শিলডেরাপকে। অন্যদিকে ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামান তরুণ তুর্কী এনড্রিককে। মাঠে নেমেই সুযোগ তৈরি করেছিলেন এনড্রিক, কিন্তু ভিনিসিয়াসের পাস থেকে নাইল্যান্ডকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর রায়ানের জোরালো শট এবং গুইমারেসের আরও একটি প্রচেষ্টা রুখে দিয়ে নরওয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন নাইল্যান্ড।

ম্যাচের ৬৭ মিনিটে ইনজুরি কাটিয়ে মাঠে নামেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। তবে সব আলো কেড়ে নেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। 

ম্যাচের শেষ ১১ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন হালান্ড। ওডেগার্ডের বাড়ানো বল থেকে চমৎকার হেডে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড। ৯০ মিনিট বক্সের ভেতর থেকে জোরালো শটে অ্যালিসনকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন এই স্ট্রাইকার।

যোগ করা সময়ে (স্টপেজ টাইম) ক্যাসেমিরো বক্সের ভেতর ফাউলের শিকার হলে দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় ব্রাজিল। এবার স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করেন নেইমার। তবে তা কেবল সান্ত্বনাই বাড়িয়েছে, ব্রাজিলের হার এড়াতে পারেনি।

১৯৯০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। দীর্ঘ ৩৬ বছর পর আবারও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল তারা।

এই ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথভাবে চলতি আসরে সর্বোচ্চ ৭ গোল করার কৃতিত্ব অর্জন করলেন হালান্ড।

ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিলের লুকাস পাকেতা খেলতে পারেননি, তার জায়গায় খেলেছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। অন্যদিকে উরুর ইনজুরি কাটিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার জুলিয়ান রায়ানসনের প্রত্যাবর্তন নরওয়ের রক্ষণভাগকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।

২৪ বছরের বিশ্বকাপ খরা কাটানোর লক্ষ্যে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিলেও, ইউরোপীয় জুজু কাটাতে ব্যর্থ হয়ে আরও একবার অশ্রুসিক্ত চোখে বিশ্বকাপ ছাড়তে হলো ব্রাজিলকে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ