আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট।
এছাড়া ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। এ আসনের মোট ১৪৫টি ভোট কেন্দ্রে হাফেজ রাশেদুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ৬৫ হাজার ভোট বেশি পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। এছাড়া ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।
এ আসনের মোট ১৫৪ টি কেন্দ্রে ফাহিম চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১০ হাজার ১৩৭ ভোট বেশি পেয়েছেন।
জেলা রিটার্নিং অফিসের তথ্যমতে, শেরপুর-১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এ আসনে ভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ১৩৬ টি। মোট ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ১৪৬ টি ভোট।
আর শেরপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। মোট ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ৪৫৪ ভোট। ভোট পড়েছে প্রায় ৫৪ শতাংশ। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৯৮৩ টি ভোট।
এর আগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শেরপুরের ২টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ।