মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
রাজনীতি

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তৎকালীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ও ডাকসুর সহ-সাধারণ সম্পাদক নাসির উদ দুজা।

মোহাম্মদ ইয়াসিন ১৯৮৯ সালের সুলতান-মুস্তাক পরিষদের ডাকসুর সদস্য ছিলেন। এক শোকবার্তায় নাসির উদ দুজা বলেন, আশির দশকের শেষভাগে ইয়াসিন ছিলেন ছাত্র ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ ও সাহসী নেতা। আমরা একসঙ্গে সংগঠন করেছি, মিছিলে স্লোগান দিয়েছি, আন্দোলন করেছি এবং একটি সুন্দর, গণতান্ত্রিক ভবিষ্যতের স্বপ্ন দেখেছি। তাঁর এভাবে চলে যাওয়া আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ইয়াসিনের মৃত্যু আমার কাছে একজন স্বজনকে হারানোর মতোই বেদনাদায়ক।

নাসির উদ দুজা বলেন, ইয়াসিন শুধু একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন না; তিনি ছিলেন আমাদের যৌবনের দিনগুলোর একজন আপন মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক বেড়ে ওঠার এক উজ্জ্বল সহযাত্রী। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, সাহস, উদ্যম ও দায়িত্ববোধ ছিল অসাধারণ। সংগঠনের প্রয়োজনে সবার আগে ছুটে যাওয়া, ঝুঁকি নিতে কখনো পিছপা না হওয়া এবং তরুণ ও নতুন কর্মীদের সাহস জোগানো ছিল তাঁর স্বভাবজাত নেতৃত্বের বৈশিষ্ট্য।

তিনি আরও বলেন, নব্বইয়ের দশকের এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে ইয়াসিন ছিলেন সামনের সারির একজন নেতা ও সংগঠক। শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং প্রগতিশীল ছাত্র রাজনীতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সাহস ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রেখেছেন। তাঁর মতো একজন প্রাণবন্ত, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর চলে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নাসির উদ দুজা বলেন, ইয়াসিনের মৃত্যুতে দেশ একজন সাহসী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীকে হারাল। আর আমরা হারালাম আমাদের জীবনের একটি উজ্জ্বল সময়ের এক প্রিয় সহযাত্রীকে। তিনি মরহুম মোহাম্মদ ইয়াসিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ