শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
ফটো গ্যালারী

পদ্মা সেতুর ঋণের আরও ৩১৫ কোটি পরিশোধ


কর্পোরেট সংবাদ ডেস্ক
: নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন আনুষ্ঠানিকভাবে অর্থ বিভাগের সচিবের কাছে ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ঋণের দুই কিস্তির চেক তুলে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তি বাবদ ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা হস্তান্তর করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। আর এ নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

গত বছরের ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণচুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণচুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী, প্রতি অর্থবছরে ৪টি কিস্তি করে সর্বমোট ১৪০টি কিস্তিতে সুদ-আসল পরিশোধ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়। এরপর গত ১৯ জুন ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা অর্থ বিভাগকে বুঝিয়ে দেয় সেতু কর্তৃপক্ষ। আর সোমবারের ৫ম ও ৬ষ্ঠ কিস্তিসহ পদ্মা সেতুর ঋণ বাবদ অর্থ বিভাগকে সেতু কর্তৃপক্ষের পরিশোধ করা মোট অর্থের পরিমাণ দাঁড়ালো ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ১ হাজার ১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ