রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে চারজনের মৃত্যু এবং সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হয়।
 
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
গত ২৪ ঘণ্টায় হামে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর পাঁচটি ঢাকা বিভাগের, একটি খুলনার। এই সময়ে সর্বোচ্চ ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ২১ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর সবচেয়ে কম ১ জন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন, যার মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (২২)। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন ও চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছেন।
 
এছাড়া গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫০ জন, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৬৩৯ জন। 
 
এদিকে, ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চার জন এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।
 
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫১ জনের।

এই সম্পর্কিত আরো