আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেয়া হবে। এরপর আগামী রোববার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।
গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে। সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম রোগ মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে।
তিনি আরও বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
৬ মাস থেকে ১০ বছর বয়স বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়াসহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কমমূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার। পরে কিনে সেই ধার পরিশোধ করা হবে।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, দ্রুত ও সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় রোগটি বেশি ছড়িয়েছে। হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ শিশুর।