সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।
রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি।
পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।