শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
শিরোনাম
জাতীয়

আইপিএল নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, প্রতিবাদ জানিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।
 
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ডেইলি স্টারে-এ “Govt lifts bar on IPL telecast in Bangladesh” শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি তথ্য মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে।
 
প্রকৃত বিষয় ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে।
 
এতে আরো বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
 
প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদলিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এই সম্পর্কিত আরো