বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
জাতীয়

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
 
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 
 
সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। 
 
নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ যাবতীয় দলিল তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
 
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ঢাকা-১০ আসন থেকে তার প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
 
সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে।

এই সম্পর্কিত আরো