মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
জাতীয়

ঈদযাত্রার বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আজ সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রিও শুরু হয়েছে।
 
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।
 
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন। তবে টিকিট ছাড়ার নির্ধারিত সময়ের আগেই অনেক যাত্রী অনলাইনে অপেক্ষায় থাকছেন, যাতে কাঙ্ক্ষিত ট্রেনের আসন নিশ্চিত করা যায়।
 
৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। ফলে আগেভাগেই ঈদযাত্রা ও ফিরতি ভ্রমণের পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন যাত্রীরা।
 
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। রেলওয়ে জানিয়েছে, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে, যাতে যাত্রী পরিবহনে কোনো ঘাটতি না থাকে।
 
এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। এতে হঠাৎ প্রয়োজনেও যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
 
 
অন্যদিকে, ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও আজ থেকে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারবেন। বাস কোম্পানিগুলো কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা নিজেদের পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারছেন।
 
 
 

এই সম্পর্কিত আরো