ঈদুল ফিতরের আগে রমজান মাসেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এই রমজানেই কার্যক্রম শুরু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। প্রধানমন্ত্রী চান অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের আগেই শুরু করতে।”
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।
কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে।
এ বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই কার্ড পাবেন।
এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, আপাতত অতিদরিদ্র ও নিন্ম আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ক্যাশ টাকা দেওয়া হবে। টাকার পরিমান কি হবে তা নির্ধারিত হবে দু-একদিনের মধ্যেই।
এর আগে ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।