বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন প্রধানমন্ত্রী

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।  
 
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আবারও স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন নতুন প্রধানমন্ত্রী। 
 
এর আগে সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে সাভারের উদ্দেশে যাত্রা করে পৌনে ১১টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন প্রধানমন্ত্রী। ঠিক বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। 
May be an image of text
 
এরপর বেলা সাড়ে ১১টায় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধের উদ্দেশে যাত্রা করেন।
 
দুপুর সোয়া ১২টায় শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় তিনি সচিবগণের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।
 
এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেওয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়।

এই সম্পর্কিত আরো