অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই বিদায়ী ভাষণ দেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রায় দেড় বছর এই অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয় নতুন সরকার গঠনের প্রক্রিয়া।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিনে সকালে শপথ গ্রহণ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।