কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।
শনিবার (২৪ মে) উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এ তথ্য জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর পূর্ব ঘোষণা ছাড়াই ১৯ জন উপদেষ্টার অংশগ্রহণে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো।
এর আগে আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি। দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়।
একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টার ব্রিফ করার দীর্ঘদিনের রীতি ভেঙে এবার ব্রিফ বাতিল করা হয়েছে। একনেক বৈঠক শেষ হওয়ার পরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক, যেখানে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া অন্য কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।
আরও পড়ুন:
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
ঈদুল আজহায় ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি শুরু
সংস্কার-বিচার, নির্বাচনে তিনটি কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি: রিজওয়ানা