মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এখন আর নেই।

সোমবার (৫ মে) সকাল ১০টায় ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা চাচ্ছি উৎসবমুখর পরিবেশে ভোটের দিনটা যেন পালন করতে পারি। এটা ঈদের দিনের মতো একটি অনুষ্ঠান হবে। উৎসবমুখর পরিবেশে আমরা ভোটকেন্দ্রে যাবো। নির্ভয়ে নির্দ্বিধায় আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।

ভোটে কোন ধরনের কারচুপি হওয়ার সুযোগ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।

সিইসি বলেন, কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছি এবং করে যাব। নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের আমি বলেছি, তিনটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথমটি হলো, যে কাজটি করছেন সেটি আইন সংগত কিনা। দ্বিতীয়টি হচ্ছে, আপনাদের বিবেক এই সিদ্ধান্তে সায় দিচ্ছে কিনা। তৃতীয়টি হলো, ১৮ কোটি মানুষের সামনে আমরা যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকব, তারা আসামি। যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। এই তিনটি ক্রাইটেরিয়া মেনে আমরা কাজ করছি। কর্মকর্তারা ওয়াদা করেছেন। তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে, আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শপথের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে আরো অংশ নেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী।

এই সম্পর্কিত আরো