নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান ছিনতাই ও ডাকাতি দমনে আজ সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে কেউ লেখেনি আগের চেয়ে ভালো। ছোট খাটো ঘটনা আগেও ঘটেছে। আগে ঘটনা ঘটার শেষে জানতো এখন সাথে সাথে মানুষ জেনে যাচ্ছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে সেটির ব্যবস্থা করতে হবে। তবে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি যেন উন্নতি ঘটে সেটির ব্যবস্থা করতে হবে।
মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষকে কীভাবে আশ্বস্ত করতে চান- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।
আপনি পদত্যাগ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোশ্যাল মিডিয়ায়তো আমাকে মেরে ফেলা হয়েছে, শুধু তাই নয় আমারতো জানাজা হয়ে গেছে। আপনারা দেখেছেন, আমি দায়িত্ব নিয়ে দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে যে অবস্থায় পেয়েছি, তার চেয়ে ভালো হয়েছে, তবে আরও যেন ভালো হয় সেটির ব্যবস্থা নিচ্ছি।
রাত সাড়ে তিনটার ব্রিফিং প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে না রাতেও কাজ করে। সেটির প্রমাণ আপনারা দেখেছেন। আজকে সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। সেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা তার প্রমাণ দেখতে পাবেন।