বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

আ.লীগের যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে। আওয়ামী লীগের যারা এগুলো করছে তাদের ঘুম আমি হারাম করে দেব। তারা কোথাও কোনো স্থান পাবে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদেরকে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। সোমবার থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। যেহেতু তারা দেশ থেকে প্রচুর টাকা স্থানান্তর (পাচার) করেছে, সেই টাকা তারা ব্যবহার করছে। এই টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আমরা কোনো অবস্থাতেই এটা করতে দেব না। যেকোনোভাবেই এটা প্রতিহত করব।

সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দিনে-রাতে যে বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে। তারা টহল কার্যক্রম আরও বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে এই ব্যাপারে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) ব্যবস্থা নেবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে কার্যক্রম করতে না পারে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কাউকে আমরা ছাড় দেব না।

এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’

তিনি বলেন, সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো