সাইফুল ইসলাম তানভীর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল হক ভূইয়ার দূর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসেলিটেটরের (ইউডিএফপি)আজরা জাবীন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শরীফ মোহাম্মদ ইউসুফ। কমিটির সদস্যরা ভুক্তভোগীদের সাথে কথা বলে তদন্ত কাজ শুরু করেছেন বলে এসি ল্যান্ড জানিয়েছেন।
তিনি আরো বলেন, যদিও ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। নানা ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে রিপোর্ট দেয়া সম্ভব হয়নি। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৭ জানুয়ারি “সিংগাইরে ইউপি সচিবের বিরুদ্ধে” টাকা না হলে মিলে না সায়েস্তা ইউপির নাগরিক সেবা” শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে ভুক্তভোগী, ইউপি সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে সংবাদ পরিবেশন করা হয়। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির কাছে সায়েস্তা ইউনিয়নের বাসিন্দারা দূর্নীতির দায়ে অভিযুক্ত সচিব মঞ্জুরুল হক ভূইয়ার বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থার দাবী জানিয়েছেন।
এদিকে, অভিযুক্ত সায়েস্তা ইউনিয়ন পরিষদ সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মনজুরুল হক ভূঁইয়া বলেন, তদন্ত কমিটির গঠন হওয়ার কথা আমি শুনেছি। তদন্ত কমিটি এখনো পর্যন্ত আমাকে ডাকেনি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, তদন্ত চলছে, এখনো প্রতিবেদন হাতে পাইনি।