নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম মল্লিক জানান, জাহাঙ্গীর আলম বুলবুলকে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন জাহাঙ্গীর আলম। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০ আগস্ট জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
জাহাঙ্গীর আলম একসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।