৩ শর্তে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হলো।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শর্তগুলো হলো-
১. হাসপাতাল পরিচালনায় দ্য মেডিকেল প্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিনেন্স, ১৯৮২ এর নির্দেশনা পালন করতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী, ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। এবং
৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।

এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে লাইসেন্স পুনর্বহাল করল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। ওইদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।