রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন মাঠপর্যায়ের কর্মকর্তারাও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএসবির প্রতিনিধি দলের সাক্ষাৎ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
advertisement
জাতীয়

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য

জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৫০ দিন বা পাঁচ মাস পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘সরকারের পাঁচ মাস সময়ের পরিমাপে দীর্ঘ নয়, তবে একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের পরীক্ষা। প্রতিটি মুহূর্তই দায়িত্ব, জবাবদিহিতা এবং জনগণের আস্থা অর্জনের নিরন্তর সংগ্রাম।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব বলে মনে করি।’

সরকারের অগ্রাধিকার ও কার্যক্রম নিয়ে মাহদী আমিন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং উন্নয়ন প্রকল্পের ব্যয়সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করার মাধ্যমে সরকার সুশাসনের বার্তা দিয়েছে। পাশাপাশি বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং বিপর্যস্ত স্বাস্থ্য ও শিক্ষাখাতের পুনর্গঠন কাজ চলমান রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটিয়ে রাষ্ট্র কাঠামো পুনরুদ্ধারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনরায় পেয়েছেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মাহদী আমিন। তিনি বলেন, ‘দুই বছর আগের এই দিনগুলোতে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর নির্মমতায় শহীদ হওয়া আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও ফারহানাসহ সকল শহীদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর প্রেস-সচিব  আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি  মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস-সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করে। পাঁচ মাসের অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখপাত্র আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ