দেশজুড়ে আষাঢ়ের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টি হতে পারে।
১৭ জেলায় সতর্কসংকেত
আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
অঞ্চলগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
রোববার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের ওপর বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকতে পারে:
সোমবার (১৩ জুলাই): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
মঙ্গলবার (১৪ জুলাই): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশালের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৫ জুলাই): বৃষ্টিপাতের এলাকা কিছুটা কমতে পারে। রংপুর ও রাজশাহীর অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই): দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।