বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
১৪ জুন থেকে বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, যা জানা গেল আসন্ন বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব প্রিপেইড মিটারে রিচার্জ সংকট - সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন; ভোগান্তির আরেক নাম ওজোপাডিকো তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১ কোটি টাকা নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার নতুন রিসাইক্লিং উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ৯০% এর বেশি কমালো সিঙ্গার বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান
advertisement
জাতীয়

আসন্ন বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট আপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিল খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন।

প্রথমত, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ঢাকা মহানগরের অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা-৪ আসনের চাহিদা বিবেচনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয়ত, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরো সম্প্রসারণ করা হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা’র পরিমাণ বৃদ্ধি করেছে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বরাদ্দ ও আওতা আগামী অর্থবছরে আরো বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তৃতীয়ত, যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুব ঋণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরো জানান, তরুণ উদ্যোক্তারা যাতে সহজে অর্থায়ন, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সরকারের এসব উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ