সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
আইন-আদালত

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
 
রোববার (৫ এপ্রিল) শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিন দেন।
 
আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
 
গত বছরের নভেম্বরে মানিকগঞ্জে পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর গত বছরের ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
 
পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
 
এরপর থেকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে রাখা হয়। এ সময় বাউল সমাজ ও সংস্কৃতিকর্মীরা তার মুক্তির দাবি জানালেও প্রাথমিকভাবে তিনি জামিন পাননি।
 
হাইকোর্টের সর্বশেষ এই আদেশে কয়েক মাস পর স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাচ্ছেন আবুল সরকার। তার আইনজীবীর দাবি, বাউল দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে করা বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল কি না, সেটিও আদালতে বিবেচনায় আনা হচ্ছে।

এই সম্পর্কিত আরো