সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার মামলায় বিএনপি নেতা সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক মো. মোসলেম উদ্দীনের খাস কামরায় তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে শুক্রবার রাতে রংপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সড়াতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে। ঘটনার পর গত ২৫ মার্চ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহত সোহেল রানা (২৫) একই ইউনিয়নের সড়াতৈল গ্রামের বাসিন্দা এবং আজাদ মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেল রানাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ঈদের সকালে স্থানীয় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সাইফুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অপর আসামি রবিউল ইসলাম রবি, যিনি পেশায় অটোরিকশাচালক, তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনিও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।