বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনসহ সব কার্যক্রমে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনসহ কমিটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর সিভিল জজ আদালতের বিচারক জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতানা খাতুন।

মামলার বাদী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আব্দুস সামাদ সায়েম।

মামলার বরাতে আইনজীবী সুলতানা খাতুন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেস ক্লাবের বহিষ্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে আহ্বায়ক কমিটি গঠন করেন। পরে সেপ্টেম্বরে গঠিত ২১ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়ে তিনি অবৈধভাবে ৭৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এরপর কমিটি গঠনের লক্ষ্যে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হলে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই সভা স্থগিত করা হয়।

এ পরিস্থিতিতে সংঘাত এড়াতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী সুলতানা খাতুন জানান, অনিয়ম ও অচলাবস্থার কারণে তারা আদালতের শরণাপন্ন হন। শুনানি শেষে বিচারক নির্বাচনসহ অবৈধ কমিটির সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

তিনি বলেন, আদালতের আদেশের কপি এখনও তাদের হাতে পৌঁছেনি। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, তিনি বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ