মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য উপদেষ্টা - দুই বছরে মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার মক্কা প্রতিরক্ষা জোটে প্রস্তাব পেলে জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা - ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজারের হাতছানি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
advertisement
আইন-আদালত

একরামুল হত্যা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে ২০১৮ সালের ২৬ মে রাতে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

সেই সাথে আজকের অভিযোগে থাকা আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন, তাদের শোন অ্যারেস্ট করে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অপর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য্য করা হয়।

যে ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে তারা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম (তৎকালীন লে. কর্নেল), ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন (তৎকালীন লে. কর্নেল), কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান, মেজর (অব.) রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ, সাবেক এমপি আবদুর রহমান বদি ও কমান্ডার মো. আশেকুর রহমান সৈকত। তাদের মধ্যে অন্য মামলায় গ্রেফতার রয়েছেন আবদুর রহমান বদি, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম (তৎকালীন লে. কর্নেল)।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর জহিরুল আমিন।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ৪৬ বছর বয়সি একরামুল হক। পরবর্তীতে একরামুলের মেয়ের ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ অডিও রেকর্ড প্রকাশ পেলে তা নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে, যার সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত।

এর আগে, কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২০২৫ সালের ২০ জুলাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সর্বশেষ পাওয়া সংবাদ