বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
আইন-আদালত

ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 'স্নাতক' কেন নয়: হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ (গ্র্যাজুয়েশন) কেন নির্ধারণ করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীদের জন্য কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক না রাখার বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, আদেশে তাও জানতে চেয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) এ-সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন।

শুনানি শেষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান গণমাধ্যমকে জানান, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত পরিচালনাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। আইন অনুযায়ী, তিনি গ্রাম আদালতে ৩ লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ বা মামলা নিষ্পত্তি করার এখতিয়ার রাখেন।

তিনি আরও যুক্তি তুলে ধরে বলেন, ‘তুলনামূলকভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যায়, একই ধরনের বা সমমানের বিচারিক দায়িত্ব পালনের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অথচ স্থানীয় সরকারের মতো তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিটের প্রধান অর্থাৎ ইউপি চেয়ারম্যান পদের জন্য ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতাই নির্ধারিত নেই।’

রিট আবেদনকারীদের মতে, বর্তমান বাস্তবতায় ইউপি চেয়ারম্যানদের এত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারাটিকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদে প্রার্থিতার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে। এই রুল জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কারের আইনি প্রক্রিয়া শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

 

সর্বশেষ পাওয়া সংবাদ