বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।
 
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
 
সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে জানানো হয়েছে, ফুজাইরার আল রিফা এলাকার একটি খামারে ড্রোনটি ভূপাতিত করার সময় সেটির কিছু অংশ নিচে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেখানে কর্মরত ওই বাংলাদেশি ব্যক্তি প্রাণ হারান। নিহতের নাম বা পরিচয় এখন পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন বলে জানিয়েছে আমিরাত।
 
উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
 
এদিকে সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।
 
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
 
একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।
 

এই সম্পর্কিত আরো