বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-ভারতসহ ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগি ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
সৌদি কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত হালনাগাদ তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পর্যালোচনা করা হবে।
 
গণমাধ্যম বলছে, ২০০৪ সাল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণীজ রোগ সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে তালিকা হালনাগাদ করে তারা।
 
ডিম আমদানি নিষিদ্ধের সৌদি তালিকায় রয়েছে-বাংলাদেশ, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, সাউথ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখাস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া ও কোত দিভোয়ার।
 
এদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গোর নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরে আংশিক বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে।
 
কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, তাপ-চিকিৎসা করা মুরগির মাংস এবং সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়, যদি তারা অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মান মেনে চলে।
 
এ ধরনের পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি প্রত্যয়নপত্র থাকতে হবে, যেখানে নিশ্চিত করা হবে যে সেগুলো এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে যাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস নির্মূল হয়। পাশাপাশি পণ্যগুলো রপ্তানিকারক দেশের অনুমোদিত প্রতিষ্ঠানে উৎপাদিত হতে হবে।
 

এই সম্পর্কিত আরো