প্রতি বছর ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। এবারের ঈদে ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন এই ঢাকাই সিনেমার মেগাস্টার। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ঠিক এমন সময়েই নতুন আরেক চমক নিয়ে হাজির হলেন তিনি যা ভক্তদের উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে দর্শকদের জন্যই চমক পাঠালেন শাকিব খান। এই দিনে অন্তর্জালে প্রকাশ করেছেন তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম পোস্টার ও লুক। প্রকাশের পর থেকেই সেটি ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়।
পোস্টারে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন এক রূপে—কেয়ারলেস রকস্টার লুক। পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফ প্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস। পিচঢালা রাস্তায় পা ছড়িয়ে বসে দূরে তাকিয়ে থাকা এই লুক মুহূর্তেই নজর কাড়ে দর্শকদের।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নতুন লুকটি ইতোমধ্যে নেটাগরিক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। পোস্টারটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে পড়ে, যা ইঙ্গিত দিচ্ছে—সারাদিন অন্তর্জালে ‘রকস্টার’ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। জন্মদিনে শুভেচ্ছার স্রোতেও ভাসছেন এই তারকা।
পোস্টার প্রকাশ করে নিজের অনুভূতিও জানিয়েছেন শাকিব খান। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার।’
কোরবানির ঈদকে সামনে রেখে ২৪ মার্চ দেশটিতে শুরু হয়েছে ‘রকস্টার’-এর শুটিং।
জানা গেছে, ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে টানা দৃশ্যধারণ চলবে। এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার বিভিন্ন স্থানে হবে পরবর্তী শুটিং।
নির্মাতাদের দাবি, এই সিনেমার গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের উপস্থাপনায় আনা হচ্ছে নতুনত্ব। চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করছেন আজমান রুশো।
সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর। পাশাপাশি থাকছেন তানজিয়া জামান মিথিলা।