শাকিব খানের আসন্ন সিনেমা 'প্রিন্স'-এর টিজার প্রকাশ হয়েছে। টিজারজুড়ে দেখা গেছে অ্যাকশনের গল্প। এ যেন ঢালিউডের কিং নিজেই যেকোনো প্রতিদ্বন্দ্বীকে জানিয়ে দিলেন, ঈদুল ফিতরে বড় পর্দায় তার ফেরার গল্প শুরু হতে যাচ্ছে ঝড়ের মতো। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে, আর সিনেমার ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে প্রায় দেড় মিনিটের টিজারটি প্রকাশ করা হয়। এতে গ্যাংস্টার অবতারে তুমুল অ্যাকশন দৃশ্যে দেখা যায় শাকিব খানকে।
দেখা যায়, টিজারটি পুরোপুরি শাকিবময়। আগাগোড়াই ধুন্ধুমার একশ্যান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে আলোচনা তৈরি করেছে।
এদিকে মুক্তির পরপরই দর্শকদের সাড়ায় ‘প্রিন্স’–এর টিজার ইউটিউবে মুভি ট্রেনিং চার্টে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে। শুক্রবার রাতে ইউটিউবের Movie মুভিস ট্রেন্ডিং চার্টে শীর্ষে উঠে আসা বিষয়টি প্রমাণ করে টিজারটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে!
টিজারে তাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। একটিতে লম্বা চুল, চোখে সানগ্লাস ও হাতে মিনিগান নিয়ে শত্রুদের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে হাজির হয়েছেন তিনি। অন্য লুকে তুলনামূলক ছোট চুলে দেখা যায় তাকে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। টিজারের দৃশ্যপটে অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের পরিবেশ ফুটিয়ে তুলতে ডার্ক টোন ও নিওন আলোর ব্যবহার করা হয়েছে।
টিজারের ব্যাকগ্রাউন্ডে শাকিব খানের কণ্ঠে শোনা যায় সংলাপ—ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, আর কিছু থাকে নেকড়ে। শত্রুদের উদ্দেশে তার হুঁশিয়ারি—‘আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
এখন দর্শকরা টিজার পরবর্তী কনটেন্টগুলো দেখার জন্য মুখিয়ে আছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিজারে থাকা সামান্য ভুল ত্রুটি আগামীতে শুধরে নিচ্ছেন।
শাকিব খান ছাড়াও প্রিন্সে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ীসহ অনেকে। আসন্ন দেশের সর্বাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।