মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বিনোদন

টিএসসিতে 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসব শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে আজ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবছর উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হচ্ছে। উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকরা প্রতিটি প্রদর্শনীর টিকেটের দাম ধরেছেন ৫০ টাকা। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে হচ্ছে এবারের উৎসবের উদ্বোধন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় আছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, কেয়া আক্তার এবং তানভীর অপূর্ব।

প্রদর্শনীর বিস্তারিত সময়সূচি :

এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে (সকাল ১০টা, দুপুর ১২:৩০, বেলা ৩:৩০ ও সন্ধ্যা ৬:৩০) সিনেমা দেখানো হবে। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

৩ ফেব্রুয়ারি (উদ্বোধন): উৎসবের পর্দা উঠবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।

৪ ফেব্রুয়ারি: প্রদর্শিত হবে ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’।

৫ ফেব্রুয়ারি: তালিকায় রয়েছে ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

৬ ফেব্রুয়ারি: দর্শকরা দেখতে পাবেন ‘মেঘের অনেক রঙ’, কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, ‘নীলচক্র’ এবং ‘অন্যদিন’।

৭ ফেব্রুয়ারি: এদিন প্রদর্শিত হবে ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।

৮ ফেব্রুয়ারি (সমাপনী): দিনের শুরুতে দেখানো হবে ‘নয়নের আলো’ ও ‘ধর’। বেলা ৩:৩০ মিনিটে থাকবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ও ‘ধ্যাৎ’। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের। 

প্রাণের এই উৎসবে সামিল হতে টিএসসি প্রাঙ্গণে সকল চলচ্চিত্রপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। প্রতিদিন সকাল ৯টা থেকেই টিএসসির কাউন্টারে টিকিট পাওয়া যাবে। 

এই সম্পর্কিত আরো