বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
বিনোদন

প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন 'স্পাইডার-ম্যান' খ্যাত টোবি ম্যাগুইয়ার!

বিচ্ছেদের তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রীর বিয়েতে নিজে উপস্থিত থেকে তা পরিচালনা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ও ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টোবি ম্যাগুইয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এই চর্চা শুরু হয়েছে।

জানা গেছে, গত ১০ অক্টোবর (শনিবার) হাওয়াইয়ের বিলাসবহুল ‘ফোর সিজনস রিসোর্ট লানাই’-এ বসেছিল টোবির প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার এবং ব্যবসায়ী জিওফ্রি ওগুনলেসির বিয়ের আসর। নতুন এই জীবন শুরু করার অনুষ্ঠানে বিয়ের পুরো পরিচালনার বিশেষ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন টোবি নিজেই। এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও তাদের পাশেই উপস্থিত ছিলেন এই অভিনেতা।

বরের পরিচয় সম্পর্কে জানা যায়, জিওফ্রি ওগুনলেসি হলেন নাইজেরিয়ার খ্যাতনামা ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের দীর্ঘদিনের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ের আয়োজন করা হয়।

তারকাবহুল এই বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন হলিউডের একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। অতিথিদের তালিকায় ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার র‍্যাচেল জো, অভিনেত্রী কোর্টনি কক্স, অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিয়ো এবং তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।

উল্লেখ্য, ২০০৭ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন টোবি ম্যাগুইয়ার ও জেনিফার মেয়ার। ২০১৬ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। দাম্পত্য সম্পর্কের ইতি ঘটার পরেও প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির এমন উপস্থিতি এবং বন্ধুর মতো পাশে দাঁড়ানোর ঘটনাটি হলিউড পাড়া ছাড়িয়ে বিশ্বজুড়ে নেটদুনিয়ায় ব্যাপক কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ